মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংঘাতকবলিত ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে ফেরা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যাহ ভূঁইয়া এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি ছিল বেশ জটিল। তেহরান থেকে প্রথমে সড়কপথে বাংলাদেশি নাগরিকদের আজারবাইজান সীমান্তে আনা হয়। এরপর সেখান থেকে তাদের আজারবাইজানের রাজধানী বাকুতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই চার্টার্ড ফ্লাইটে করে তাদের ঢাকায় আনা হয়েছে।
পুরো কার্যক্রমটি তদারকিতে ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এছাড়াও সমন্বয় ও সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উচ্চপদস্থ কর্মকর্তা বর্তমানে বাকুতে অবস্থান করছেন।
উল্লেখ্য, গত বছরের জুনেও আঞ্চলিক উত্তেজনার সময় একইভাবে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল। যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতি বিবেচনায় সরকার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় এই দ্রুত প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments