Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনৈতিক, শিক্ষাবিদ ও দলীয় নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বর্ণাঢ্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর পাশে থেকে কুশল বিনিময় করেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রিয় নেতার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং সরাসরি শুভেচ্ছা জানাতে ভোর থেকেই যমুনা অভিমুখে সাধারণ মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৮টা থেকে যমুনা প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশ উন্মুক্ত করা হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় এতটাই বৃদ্ধি পায় যে, সেই জনস্রোত যমুনা ছাড়িয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশ নেন। সেই সঙ্গে হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।

বিপুল এই জনসমাগম ও শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে পুরো এলাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবমুখর পরিবেশে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে যমুনা প্রাঙ্গণে এক আনন্দঘন আবহাওয়া বিরাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর