পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে আজ শনিবার (২১ মার্চ) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ মিছিল’। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে সকাল ১০টায় এই আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়। এতে অংশ নেন শিশু-নারীসহ বিভিন্ন বয়সের হাজারো উৎসবপ্রিয় মানুষ।

ঈদ আনন্দ মিছিল উদযাপন কমিটি-২০২৬-এর উদ্যোগে আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী বর্ণিল উৎসবের অংশ হিসেবে এই বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়।

সকাল থেকেই হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ও এর আশপাশের এলাকায় মুসল্লি ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। মিছিলে বাড়তি আকর্ষণ হিসেবে ছিল সুসজ্জিত হাতি ও ঘোড়া। সেই সঙ্গে ঢোল-তবলার ঐতিহ্যবাহী বাদ্যে পুরো এলাকায় এক অনন্য উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মিছিলটি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনে গিয়ে শেষ হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক এই শহরে ঈদের আনন্দকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই তিন দিনব্যাপী উৎসবের পরিকল্পনা করা হয়েছে। মিছিল চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments