পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে চুয়াডাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুরুজ (১৮) নামে এক তরুণের প্রাণ গেছে। শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে হৃদয় নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার স্বপনের ছেলে। আহত হৃদয় একই এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের খুশিতে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির কাছাকাছি পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজের মৃত্যু হয়েছে। আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈদের দিনে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments