Image description

ঈদের খুশির দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কাশেম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে পটিয়া বাইপাস সড়কের পাইকপাড়া পয়েন্টে যাত্রীবাহী একটি বাস উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত মোহাম্মদ কাশেমের বাড়ি পটিয়া এলাকায় বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে গিয়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কাশেম মারা যান।

আহতদের মধ্যে রয়েছেন— আবুল কাসেম (৬০), আবু হানিফ (৩৮), সিরাজুল হক (১৪), ৭ মাস বয়সী শিশু মহিসোনা, প্রান্ত শীল (১৭), দহান (১৭), আদিত্য বিশ্বাস (১৩), মিনাক্ষী (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), ৯ বছর বয়সী আবদুর রহিম, ৫ বছরের সুলতানা রাজিয়া ও শারমিন সুলতানা (২৫) সহ আরও অনেকে।

দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, “এক পথচারীকে রক্ষা করতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একজন নিহত এবং বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”

ঈদের দিনে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর