Image description

দেশের পাঁচ জেলার পৃথক সাত সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে তিনজন, নাটোরে পৃথক দুর্ঘটনায় দুজন, কক্সবাজারের টেকনাফে একজন এবং হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছে ও পানিতে ডুবে থাকা পিকআপ ভ্যান থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ মার্চ) মধ্যরাতে ও রবিবার (২২ মার্চ) সকালে এসব দুর্ঘটনা ঘটে। 

কুমিল্লা: কুমিল্লায় লেভেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশু রয়েছে।

ঈদের দিন শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার লেভেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি এক কিলোমিটার কচুয়া চৌমুহনী এলাকায় গিয়ে থেমে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার লেভেলক্রসিং এলাকা অতিক্রম করছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় বাসটিকে এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক স্থানে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পরে স্থানীয়রা পিকআপ ভ্যানে থাকা ৪ জনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এদিকে পৃথক ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের আন্দউড়া নামক স্থানে খাদের পানিতে ডুবে থাকা পিকআপ ভ্যান থেকে চারজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার (২২ মার্চ) সকালে লাশগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, রবিবার সকাল ৮টার দিকে কৃষিজমিতে কাজ করতে যাওয়া কয়েকজন লোক মহাসড়কের পাশে খাদে গৃহস্থালির আসবাবপত্র ভাসতে দেখেন। সড়কে গাড়ির কাচ ভাঙাও দেখতে পান।

এতে তাদের সন্দেহ হলে পানিতে নেমে ডুবে থাকা একটি পিকআপ ভ্যানের সন্ধান পান তারা। এ সময় পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন তারা। এক পর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে পানিতে ডুবে থাকা গাড়ির ভেতর থেকে একে একে চারটি লাশ উদ্ধার করে।  মৃত ব্যক্তিরা আনুমানিক ৩২ বছর বয়সী একজন নারী, ১১ বছরের একটি শিশু এবং দুজন পূর্ণবয়স্ক পুরুষ।

ফেনী: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের এখন পর্যন্ত কারো নাম পরিচয় জানা যায়নি।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে স্পিড ব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এসময় একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরো কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুল্যান্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হয় এবং ১১ জন আহত হয়।

নাটোর: নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের এক ডেলা শান্তি ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন নাটোর সদর উপজেলার নারায়ণ পাড়া এলাকার বাসিন্দা।

এদিকে নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বিএসসি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী জিল্লু (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে। রবিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের জন্য বোন-দুলাভাইকে বনপাড়া থেকে আনতে তিনি প্রাইভেটকারযোগে বাড়ি থেকে রওনা হন। পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যে ঘরে আজ গায়ে হলুদের আনন্দে মুখর হওয়ার কথা ছিল, সেই ঘরেই নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাসি-আনন্দের জায়গা দখল করেছে কান্না আর আহাজারি।

টেকনাফ: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. আনিস (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ-হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।