বাউফলে ঈদের দিন নৌকা উদ্ধার করতে গিয়ে জেলের মর্মান্তিক মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাবুল সিকদার (৬৫) উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি পেশায় জেলে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরে জোয়ারের তীব্র স্রোতে তার মাছ ধরার নৌকাটি বাঁধা অবস্থা থেকে ছুটে ভেসে যায়। নৌকাটি উদ্ধার করতে গিয়ে বাবুল সিকদার নদীতে নেমে সাঁতরে এগিয়ে যান। কিন্তু প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নদীতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় একদিন পর রবিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেশপুর ইউনিয়নের মমিনপুর গাজী বাড়ির ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের মাঝে চলছে শোকের মাতম।”




Comments