আগামী পাঁচ দিন সারা দেশে ভারি বৃষ্টিপাতের কোনো শঙ্কা নেই। তবে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ মার্চ) নিয়মিত আবহাওয়া বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। আগামী ৫ দিন ভারি বর্ষণ না হলেও কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ৫ দিন পর সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে।
বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েক দিনে বৃষ্টির এই প্রবণতা কমে আসতে পারে এবং অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবারের পূর্বাভাস অনুযায়ী—ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী কয়েক দিনে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
মানবকণ্ঠ/ডিআর




Comments