Image description

বিশ্বব্যাংকের প্রতিবেদনে খাদ্য মূল্যস্ফীতিতে ১০ মাস ধরে ধরে ‘লাল’ তালিকায় অবস্থান করছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকি সহসাই কমছে না। বরং মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে তা আরও বাড়তে পারে।

বিশ্বব্যাংক ১০ থেকে ১২ মাসের খাদ্য মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্যনিরাপত্তা বিষয়ক এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে গত নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য নিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১০ মাস ধরেই বাংলাদেশ লাল শ্রেণিতে আছে। যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে, সেসব দেশকে লাল শ্রেণিতে রাখা হয়েছে। এই শ্রেণিতে থাকা দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ না হলেও মোটামুটি ঝুঁকিতে আছে। 

বিশ্বব্যাংকের প্রতিবেদনে যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি ৩০ শতাংশ বা তার চেয়ে বেশি, সেসব দেশকে বেগুনি শ্রেণিতে রাখা হয়েছে। এসব দেশের খাদ্য নিরাপত্তা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে।

অন্যদিকে, খাদ্য মূল্যস্ফীতি ২ থেকে ৫ শতাংশে থাকা দেশগুলোকে হলুদ শ্রেণিতে, এবং ২ শতাংশের কম খাদ্য মূল্যস্ফীতির দেশগুলোকে সবুজ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খাদ্য নিরাপত্তার দিক থেকে এসব দেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।