Image description

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এই চিরুনি অভিযান চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দেন, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস করা হবে না।

মন্ত্রী বলেন, ‘আমাদের এই পরিদর্শন কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। আমরা এখন আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকাটি নির্দিষ্ট করেছি। আগামী সাত দিনের মধ্যে এই এলাকার প্রতিটি ক্লিনিক পরিদর্শন করে অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের মূল উদ্দেশ্য কাউকে সাজা দেওয়া বা প্রতিষ্ঠান বন্ধ করা নয়, বরং জনগণের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।’

অ্যাকশনের ধরন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘যেখানে ত্রুটি সংশোধনের সুযোগ আছে, সেখানে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। তবে গুরুতর অবহেলা বা প্রয়োজনীয় সরঞ্জামের অভাব থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স বা নবায়ন সংক্রান্ত শর্ত পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে।’

পরিদর্শন কার্যক্রম কেবল রাজধানীতেই সীমাবদ্ধ থাকবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিভিল সার্জন ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের (ইউএইচএফপিও) মাধ্যমে সারা দেশে এই অভিযান চালানো হবে। কারণ দেশের সিংহভাগ মানুষ গ্রামে বাস করে, তাদের স্বাস্থ্য সুরক্ষাও আমাদের অগ্রাধিকার।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ব্যক্তিগত লাভের জন্য জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স (শূন্য সহিষ্ণুতা) নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন। কোনো প্রকার চাপের কাছে আমরা নতি স্বীকার করব না।’

মানবকণ্ঠ/ডিআর