Image description

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর ৫(বি) বিধি অনুযায়ী এসব কর্মকর্তাকে সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেড (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

আদেশে আরও জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ইমেইলের ([email protected]) মাধ্যমে যোগদানপত্র পাঠাতে হবে। তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা বর্তমানে যে কর্মস্থলে যে পদে নিয়োজিত আছেন, সেখানেই কর্মরত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, নিয়মিত পদোন্নতির অংশ হিসেবে এই কর্মকর্তাদের যোগ্যতার ভিত্তিতে উচ্চতর স্কেলে পদোন্নতি দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর