টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে রাজধানীতে গরমের তীব্রতা অনেকটাই কমেছে। শুক্রবার (২৭ মার্চ) ভোরেও ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের প্রথমার্ধে ঢাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে এ সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বৃষ্টির পরিমাণ ছিল ৪০ মিলিমিটার। আজ ভোর ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments