Image description

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ও শিক্ষা অঙ্গনে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হবে। আগামী ৩০ মার্চ সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বর্ণাঢ্য কর্মজীবনে দিলারা হাফিজ কেবল স্পিকারের সহধর্মিণী হিসেবেই নয়, বরং একজন দক্ষ শিক্ষাবিদ ও প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন। তিনি অত্যন্ত সফলতার সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মানবকণ্ঠ/আরআই