Image description

চুয়াডাঙ্গায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা ৭টি মাইন নিষ্ক্রিয় করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম ডিসপোজাল টিম এসব মাইন নিষ্ক্রিয় করে। মাইনগুলো নিষ্ক্রিয় করার সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়।

জানা যায়, ২৮ ফেব্রুয়ারি বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের কৃষকরা মাঠে জমি চাষ করার সময় ল্যান্ডমাইনসদৃশ বস্তু দেখতে পান। খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো শনাক্ত করে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রায় এক মাস পর সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হলো।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব স্থলমাইন পুঁতে রেখেছিল।

মাইন নিষ্ক্রিয়করণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের (৩৬ এডি) ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, চুয়াডাঙ্গা  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ খালিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।