বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু এই যুগান্তকারী ঘোষণা দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎমন্ত্রী বলেন, “প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ বিরাজ করছিল। আমরা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং একটি জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা দ্রুতই এই মিটার চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দিচ্ছি।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে দিতে হয়। গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, বছরের পর বছর চার্জ কাটার ফলে মিটারের প্রকৃত দাম বহু আগেই উসুল হয়ে গেছে, তবুও কেন এই বাড়তি টাকা নেওয়া হচ্ছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয়ের অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের দায়ভার সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই পদক্ষেপে দেশের লাখ লাখ প্রিপেইড মিটার ব্যবহারকারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments