Image description

নৌ-দুর্ঘটনা রোধ এবং ফেরি পারাপারে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে কোনো ফেরিতে বাস ওঠার আগে বাসের ভেতর থেকে শতভাগ যাত্রীকে নিচে নামিয়ে দিতে হবে। যাত্রীসহ বাস কোনোভাবেই ফেরিতে তোলা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘আমরা মানুষের জীবনের নিরাপত্তা দিতে দায়বদ্ধ। অনেক সময় ফেরিতে যাত্রীসহ বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানি ঘটে। এ ধরনের দুর্ঘটনা এড়াতেই যাত্রীদের আগে নামিয়ে দিয়ে খালি বাস ফেরিতে তোলার নিয়ম কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।’

নিরাপত্তা আরও জোরদার করতে মন্ত্রী জানান, এখন থেকে প্রতিটি ফেরিতে মজবুত রেলিং লাগানো বাধ্যতামূলক করা হবে। অনেক সময় ফেরিতে গাড়ি ওঠানামার সময় বা বড় ঢেউয়ের কবলে পড়ে গাড়ি পিছলে যাওয়ার ঝুঁকি থাকে, যা রেলিং স্থাপনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হবে।

সচিবালয়ের এই গুরুত্বপূর্ণ সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নতুন নির্দেশনার ফলে ফেরিঘাটগুলোতে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই