Image description

দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে বিশেষ এক মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। এই উদ্যোগের আওতায় ৯ মাসের পরিবর্তে এখন ৬ মাস বয়স থেকেই শিশুদের হামের টিকা দেওয়া হবে। আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে রুটিন অনুযায়ী শিশুদের ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দেওয়া হয়। তবে বর্তমান সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। এটি নিয়মিত টিকাদান কার্যক্রমের পাশাপাশি একটি অতিরিক্ত সতর্কতা হিসেবে পরিচালিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই বিশাল কর্মযজ্ঞের জন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কোন এলাকায় কতজন শিশুকে টিকা দেওয়া হবে, তার জন্য একটি সুনির্দিষ্ট ‘মাইক্রোপ্ল্যান’ তৈরি করা হচ্ছে। ক্যাম্পেইন শুরুর আগে শিশুদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং নির্ধারিত সময়সূচি অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে।

এই বিশেষ কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক ভ্যাকসিন জোট ‘গ্যাভি’ প্রয়োজনীয় অর্থায়ন ও লজিস্টিক সহায়তা প্রদান করছে। ইতোমধ্যে টিকার সরবরাহ শুরু হয়েছে এবং দ্রুতই সিরিঞ্জসহ অন্যান্য সরঞ্জাম দেশে পৌঁছাবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই টিকা কার্যক্রমের জন্য সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দ্রুত হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।

মানবকণ্ঠ/আরআই