পূবাইল থানা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন, উন্নত সেবা পাবে জনগণ
“স্বস্তি পাবে পুলিশ, উন্নত সেবা পাবে জনগণ”—এই প্রত্যয় নিয়ে গাজীপুর মহানগরীর পূবাইল থানা ভবনের স্থায়ী নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের জোন-২ এর পূবাইল কলেজগেট এলাকায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার।
উদ্বোধন শেষে জিএমপি কমিশনার নতুন থানা ভবন প্রাঙ্গণে ফলজ চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাইল হাওলাদার বলেন, বর্তমানে পূবাইল থানার পুলিশ সদস্যরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নতুন এই আধুনিক ভবনটি নির্মিত হলে তাদের কর্মপরিবেশের আমূল পরিবর্তন আসবে এবং আবাসন সংকটের সমাধান হবে। এর ফলে পুলিশ সদস্যরা আরও উজ্জীবিত হয়ে কাজ করতে পারবেন।
তিনি আরও বলেন, শুধু পুলিশ নয়, এই ভবনের সুফল পাবে সাধারণ মানুষও। সেবাপ্রত্যাশীরা একটি সুশৃঙ্খল ও মানসম্মত পরিবেশে পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন, যা এই এলাকার আইন-শৃঙ্খলার মান বৃদ্ধিতে সহায়ক হবে।
পূবাইল কলেজগেট ও রেলক্রসিং এলাকার তীব্র যানজট প্রসঙ্গে কমিশনার বলেন, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য ভবিষ্যতে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে থানা ভবনটি এই স্থানে হওয়ায় ট্রাফিক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা আসবে। রেলক্রসিংয়ের গেট খোলার পর সুশৃঙ্খলভাবে যান চলাচল নিশ্চিত করতে পারলে যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএমপি’র ডিসি (দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ, এডিসি (দক্ষিণ) শাকিল আহমেদ, এসি গাছা এরশাদ, পূবাইল থানার ওসি আতিকুর রহমান, এসআই মাহমুদ হাসান জনি এবং গণপূর্ত বিভাগ ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
মানবকণ্ঠ/আরআই




Comments