Image description

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-৬ (শূন্য আসন) এবং শেরপুর-৩ আসনের নির্বাচন। এই উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জননিরাপত্তা ও ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করার জন্য ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়েছে।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকার নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল সংশ্লিষ্ট এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় সাধারণ ছুটি থাকবে।

মূলত নির্বাচনী এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এই আদেশ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

মানবকণ্ঠ/আরআই