Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান জাতীয় সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে অধিবেশন শুরু হওয়ার পর তিনি সংসদে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, জাইমা রহমান অধিবেশনের শুরু থেকেই ভিভিআইপি লাউঞ্জের প্রথম সারিতে বসে কার্যক্রম দেখছেন। বিশেষ করে সংসদের প্রথম কর্মসূচি ‘প্রশ্নোত্তর পর্ব’ তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে প্রত্যক্ষ করেন।

অধিবেশন চলাকালীন জাইমা রহমানের সাথে একটি ল্যাপটপ ছিল। অধিবেশনের বিরতির সময় এবং ফাঁকে ফাঁকে তাকে ল্যাপটপে কাজ করতেও দেখা যায়।

উল্লেখ্য, এটিই তার প্রথম সংসদ সফর নয়। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালেও তিনি তার মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে ভিভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করেছিলেন। তরুণ প্রজন্মের এই ব্যারিস্টারের সংসদে নিয়মিত উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

মানবকণ্ঠ/আরআই