Image description

চাঁদপুরে হামে আক্রান্ত ২৩ শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলা সিভিল সার্জন নূরে আলম দ্বীন জানিয়েছেন, এখন পর্যন্ত তিন শিশু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার বিকালে তিনি আরও জানান, জেলায় হামে আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালগুলোতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জনের পরিসংখ্যান অনুযায়ী, চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ১৭ শিশু, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শিশু এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শিশুসহ মোট ২৩ শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, জ্বর, সর্দি, কাশি ও অন্যান্য উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। হাম রোগে আক্রান্ত রোগীদের লক্ষণ অনুযায়ী আলাদা আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে। তবে পর্যাপ্ত বেড না থাকায় কিছু শিশুকে ফ্লোরে রাখা হচ্ছে।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানান, ‘হামে আক্রান্ত শিশুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তাদের আলাদা আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।’