Image description

ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার এবং যোগাযোগ স্বাভাবিক করতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।