Image description

রাজধানীতে স্কুল চলাকালীন তীব্র যানজট নিরসনে কার্যকর ও বিকল্প পথ খুঁজে বের করতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী এএনএম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করলে তিনি এই নির্দেশনা দেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের যাতায়াতের সময় সৃষ্ট যানজট এবং এর প্রতিকারে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এই সমস্যা সমাধানে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

আলোচনায় উদাহরণ হিসেবে উঠে আসে যে, রাজধানীর কোনো কোনো স্কুলে মাত্র ১৫০ জন শিক্ষার্থীর জন্য ১০০টি গাড়ি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভিড় করে। এর ফলে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি করে। এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রধানমন্ত্রী দ্রুত সমাধানের পথ খুঁজতে বলেছেন।

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

মানবকণ্ঠ/আরআই