Image description

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদে রাখা বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী ৩নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত শিশু ওয়াজিহান ওই এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংক রাউজান জলিল নগর শাখার ব্যবস্থাপক শাহ আলমের ২য় পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জয়নাব বেগম।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওয়াজিহানের মা তাকে বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করিয়ে ওয়াজিহানকে নিয়ে
নিচে নিজ রুমে চলে আসেন। এরপর মা গৃহস্থালি কাজে রান্নাঘরে গেলে শিশু ওয়াজিহান সবার অগোচরে পুনরায় ছাদে চলে যায়। সেখানে গোসলের কাজে ব্যবহৃত বালতিতে জমিয়ে রাখা পানিতে খেলতে গিয়ে সে উপুড় হয়ে পড়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে দেখে ওয়াজিহান বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে। এসময় ওয়াজিহানের মায়ের চিৎকারে পরিবারের সদস্যরা ছুঁটে এসে ওয়াজিহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ব্যাংকার শাহ আলমের শিশুপুত্র ওয়াজিহানের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে এই শিশুর মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে চলছে শোকের মাতম।