Image description

প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন, জনসেবা নিশ্চিত এবং জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একগুচ্ছ জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। নতুন নির্দেশনায় প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সেবাগ্রহীতা সাধারণ মানুষের সুবিধা এবং আন্তঃদপ্তর সমন্বয় বাড়াতে সকালের নির্ধারিত ওই ৪০ মিনিট সময়ে কোনোভাবেই দাপ্তরিক মিটিং বা বাইরের কর্মসূচি রাখা যাবে না। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিপূর্বে দেওয়া এই নির্দেশনার ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় নতুন করে এই কঠোর অবস্থান নিয়েছে মন্ত্রণালয়।

অফিসগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা ও ব্লাইন্ড খোলা রেখে বাইরের আলো ব্যবহার করতে হবে। এছাড়া এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা সবসময় ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তার ওপর ন্যস্ত করা হয়েছে। অফিস করিডোর, সিঁড়ি বা ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া সব ধরনের চাকচিক্যময় আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে। পাশাপাশি অফিস কক্ষ, সিঁড়ি ও টয়লেট নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকি করতে প্রতিটি দপ্তর ও সংস্থাকে অবিলম্বে একটি করে ‘ভিজিল্যান্স টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে এই সিদ্ধান্তগুলো অক্ষরে অক্ষরে পালনের তাগিদ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই