রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কারখানার ভেতর থেকে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস আরও জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় একজন পুরুষকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেশি হওয়ায় একে একে সাতটি ইউনিট অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে যোগ দেয়। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানার ভেতর আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।
মানবকণ্ঠ/ডিআর




Comments