Image description

বগুড়ার শিবগঞ্জে নিজ শয়নকক্ষ থেকে তিথি বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার বেড়াবালা আনন্দপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিথি বেগম বেড়াবালা আনন্দপাড়া গ্রামের বাসিন্দা মিলনের স্ত্রী এবং তিনি তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত রোববার রাতে পরিবার ও সন্তানদের সঙ্গে খাওয়া-দাওয়া শেষ করে নিজ কক্ষে ঘুমাতে যান তিথি বেগম। পরবর্তীতে সোমবার সকালে পরিবারের সদস্যরা অনেক সময় ধরে তাঁকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে স্বজনরা ঘরের ভেতরে গিয়ে তিথি বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আকস্মিক এ দৃশ্য দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, "খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।"

ডিআর