Image description

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে উল্লেখ করে গ্রাহকদের আতঙ্কিত না হয়ে কেবল প্রয়োজন অনুযায়ী তেল কেনার আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।

সংসদকে আশ্বস্ত করে জ্বালানিমন্ত্রী বলেন, "দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। প্রতিদিনের চাহিদা অনুযায়ী আমরা তেল সরবরাহ নিশ্চিত করছি। সুতরাং তেল পাওয়া যাবে না—এমন গুজবে কান দিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।"

এ সময় বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোকসজ্জাসহ বিদ্যুতের অপ্রয়োজনীয় অপচয় বন্ধ রাখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান মন্ত্রী। তিনি বলেন, "মানুষের মধ্যে যদি অযথা আতঙ্ক তৈরি হয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।"

অন্য এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ এমপি’র প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "তেল দেওয়া হচ্ছে না বলে যে কথাটি ছড়িয়েছে তা সঠিক নয়। ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে তেলের চাহিদা ও বিক্রি অস্বাভাবিক বেড়ে গেছে। আগে যে পরিমাণ তেল দেড় দিনে বিক্রি হতো, এখন তা মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। পেট্রোল সরবরাহ বন্ধ নেই, বরং মানুষ আতঙ্কিত হয়ে পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেওয়ায় চাপ সৃষ্টি হয়েছে।"

মন্ত্রী আরও জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকার সাশ্রয়ী নীতি অনুসরণ করছে এবং দেশের মানুষের নিরবচ্ছিন্ন জ্বালানি সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর