ময়মনসিংহের মুক্তাগাছায় মাত্র ৫ হাজার টাকা লেনদেনের জেরে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে পাষণ্ডদের পিটুনিতে লোকমান হোসেন (৬৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার জগন্নাথবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লোকমান বাঁশাটি ইউনিয়নের পান্নাথবাড়ি গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান হোসেনের নাতনির (মেয়ের ঘরের মেয়ে) বিয়ের দিন ঠিক ছিল আগামী শুক্রবার (৩ এপ্রিল)। নাতনির বিয়ে উপলক্ষে তিনি কয়েকদিন আগে মেয়ের জামাতা হাফিজ উদ্দিনের বাড়িতে যান। এদিকে, হাফিজ উদ্দিন তার চাচাতো বোন পারুল আক্তারের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। বুধবার রাতে পারুল সেই টাকা ফেরত চাইলে ভাই-বোনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।
ঝগড়া থামাতে লোকমান হোসেন ও তার ছেলে নাজমুল হোসেন এগিয়ে আসেন। লোকমান আশ্বাস দেন যে, নাতনির বিয়ের পরদিনই টাকা পরিশোধ করে দেওয়া হবে। কিন্তু পারুল আক্তারের লোকজন এতে শান্ত না হয়ে আরও উত্তেজিত হয়ে ওঠে। তারা লাঠিসোঁটা নিয়ে লোকমান হোসেন ও তার ছেলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লোকমান হোসেনের মৃত্যু হয়। তার ছেলে নাজমুল হোসেনও হামলায় গুরুতর জখম হয়েছেন।
এই ঘটনার পর থেকে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিল, সেখানে এখন চলছে কান্নার রোল। পরিবারের সদস্যরা একে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments