Image description

দেশে জ্বালানি তেলের সংকট নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অহেতুক আতঙ্ক না ছড়িয়ে সবাইকে সচেতন ও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেটের তোপখানায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ রয়েছে এবং বিদ্যুৎ পরিস্থিতিও পুরোপুরি স্বাভাবিক। তিনি বলেন, "পাম্পে গেলে তেল মিলছে, সুইচ চাপলে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে—তাহলে সমস্যা কোথায়? এখন পর্যন্ত জ্বালানির অভাবে কোনো কার্যক্রম ব্যাহত হয়নি।" সরকার অত্যন্ত দক্ষতার ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বলে তিনি উল্লেখ করেন।

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের ফর্মুলা অনুযায়ী সৌদি আরামকোর দামের ওপর ভিত্তি করে দেশে এলপিজির দাম নির্ধারিত হয়। বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ৫৫-৬০ ডলার থেকে বেড়ে ১১৬ ডলারে পৌঁছালেও, সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে সরকার দেশের বাজারে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

তৈরি পোশাক খাতের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপীই পোশাক রপ্তানি কমেছে, যা প্রতিযোগী দেশগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তবে দেশের শিল্পখাতকে সচল রাখতে এবং রপ্তানি বাড়াতে সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

সবশেষে তিনি জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জ্বালানির পরিমিত ব্যবহার করা হলে আমদানি ব্যয় কমবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ হ্রাস পাবে। তাই গুজবে কান না দিয়ে সবাইকে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী।

মানবকণ্ঠ/আরআই