Image description

ঈদে মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সিনেমা হলে পৌঁছান। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রধানমন্ত্রীর এই সিনেমা দেখার উদ্দেশ্য সম্পর্কে শায়রুল কবির খান জানান, মূলত দেশের সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী সরাসরি প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করেছেন। তাঁর এই উপস্থিতির মাধ্যমে আগামীতে দেশের সৃজনশীল নির্মাতা এবং অভিনয়শিল্পীরা আরও ভালো কাজের প্রতি অনুপ্রাণিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি এবারের ঈদে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এবং হইচই স্টুডিওস-এর সহ-প্রযোজনায় নির্মিত এই সিনেমার সার্বিক সহযোগিতায় ছিল ডোপ প্রোডাকশন্স।

তারকা বহুল এই চলচ্চিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এর মূল চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরিফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

মানবকণ্ঠ/আরআই