Image description

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই সনদ’ নিজেই একটি স্বতন্ত্র, সক্রিয় এবং কার্যকর সনদ। এই সনদ বাস্তবায়ন করবে দেশের সংসদ। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোট বাতিল হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি সংবিধান সংশোধনের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনেপ্রাণে ‘জুলাই’ (আন্দোলন)-এর চেতনাকে ধারণ করে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “সরকার তেলের মূল্যবৃদ্ধি করেনি। যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে, তবে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে হলে খাল ও নদী খননের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদের কোনো বিকল্প নেই। দখলদার যত বড়ই শক্তিশালী হোক না কেন, জলাশয় ও নদীগুলো উদ্ধার করে খনন করা হবে। 

তিনি আরও জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় এই খাল খনন কর্মসূচিতে সশরীরে অংশ নেবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর