Image description

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে সব দোকান ও শপিং মল বন্ধের সরকারি সিদ্ধান্তই বহাল থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করা অপরিহার্য। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং আপাতত এই সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থে ব্যবসায়ীদের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে দোকান মালিক সমিতির নেতারা জানান, দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় তারা সরকারের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করছেন। তারা সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা মেনে নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে ব্যবসায়ীদের স্বার্থে সময়সীমা পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়েছেন সমিতির নেতারা।

উল্লেখ্য, সরকার জ্বালানি সাশ্রয়ে এর আগেই সব ধরনের সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি ও বাজার বন্ধের সময় নির্দিষ্ট করে দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিং মল ও বাণিজ্যিক বিতান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকির মাধ্যমে এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলেও বৈঠকে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর