দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে বিপণি বিতান, শপিংমল ও দোকানপাট বন্ধের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। আগের নির্ধারিত সময় সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে আরও এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে উদ্ভূত বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে দেশের সব শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন দোকান মালিকরা। পরে ব্যবসায়ীদের দাবির মুখে এবং রাত ৮টা পর্যন্ত সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সময় এক ঘণ্টা সমন্বয় করে ৭টা নির্ধারণ করা হয়।
ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, রমজান ও সামনের উৎসবের কথা মাথায় রেখে তারা আরও বাড়তি সময়ের আশা করেছিলেন। তবে বর্তমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের এই নতুন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আজ থেকেই এই নতুন সময়সূচি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments