Image description

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, তা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সম্পদ সংরক্ষণের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দেশজুড়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ শুরু হতে যাচ্ছে। ১৩ এপ্রিল পর্যন্ত দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে। এবারের জাটকা সপ্তাহের মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইলিশের শহর চাঁদপুরে।

ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার বাণিজ্যিকভাবে কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে বিভিন্ন উৎসবে যে ইলিশ পাঠানো হয়, তা মূলত সৌজন্যমূলক উপহার। এবারও পহেলা বৈশাখে ভারতের অনুরোধের প্রেক্ষিতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার দেশে ইলিশের উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। বাজারে সরবরাহ বাড়লে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে ইলিশের দাম। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালীন নদী ও সাগর থেকে শুরু করে বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে যাতে কেউ জাটকা আহরণ, মজুত বা বিক্রি করতে না পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে জেলেদের যে খাদ্য সহায়তা ও প্রণোদনা দেওয়া হয়, প্রয়োজনে তার পরিমাণ আরও বাড়ানো হবে। তবে সরকারি এই সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মানবকণ্ঠ/আরআই