Image description

দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের মধ্যেও এখনই প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখা বা অনলাইন ক্লাসে যাওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতেই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, প্রাথমিক স্তরের কোমলমতি শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব একটা ফলপ্রসূ হয় না। তাই বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষেই অবস্থান করছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে এবং স্কুল বন্ধের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়েও শিক্ষা দেওয়া হয়। তবে সরাসরি ক্লাস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করছে মন্ত্রণালয়।

বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচি এবং সামগ্রিক স্বাস্থ্যগত উন্নয়নের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ সাশ্রয় করা হলেও শিক্ষা কার্যক্রমে যাতে এর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকে সরকার তীক্ষ্ণ নজর রাখছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া সচল রাখা বড় চ্যালেঞ্জ এবং সরকার তা সফলভাবে মোকাবিলা করছে।

আগামী জুন-জুলাই মাস নাগাদ শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু নতুন ও যুগোপকারী পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। পরিস্থিতির অবনতি হলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন।

মানবকণ্ঠ/আরআই