ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ এপ্রিল (বুধবার) এই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। আর নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ মে (মঙ্গলবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৮ এপ্রিল তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের সুনির্দিষ্ট তারিখগুলো বিস্তারিতভাবে জানানো হবে। নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদের সাধারণ আসনে বিজয়ী দল বা জোটের প্রাপ্ত আসনের আনুপাতিক হারে সংরক্ষিত মহিলা আসনগুলো বণ্টন করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সংরক্ষিত আসনের এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যেও তোড়জোড় শুরু হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments