Image description

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন।

তিনি আরও জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। পাশাপাশি অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে জ্বালানি মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা সাপেক্ষে তেলের দাম সমন্বয় করা হবে।

মানবকণ্ঠ/ডিআর