Image description

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন এবং বেসরকারি রয়েল হাসপাতালে দুই শিশু মারা গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছে ১৮ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। এদিকে, একই সময়ে নগরীর বেসরকারি রয়েল হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা হামের সংক্রমণে বেশি জটিলতার শিকার হচ্ছে। বিশেষ করে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং পুষ্টির দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

উল্লেখ্য, এর আগে গত রোববার (৬ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল। দিন দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর