ডিজেল পেতে কৃষকদের নতুন নির্দেশনা, প্রত্যায়ন ছাড়া মিলবে না তেল
তেল পাম্পে ভিড় ও ভোগান্তি কমাতে চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের ডিজেল সংগ্রহের জন্য নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে ডিজেল বা পেট্রোল নিতে হলে কৃষকদের নিজ নিজ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যায়নপত্র সংগ্রহ করতে হবে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জীবননগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণকালে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
নতুন নির্দেশনা অনুযায়ী, কৃষকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি জমা দিয়ে কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যায়নপত্র নিতে হবে। পরে ওই প্রত্যায়নপত্র দেখিয়ে নির্ধারিত খুচরা এজেন্ট পয়েন্ট থেকে প্রয়োজনীয় তেল কেনা যাবে। প্রত্যায়নপত্র ছাড়া কোনো কৃষক তেল পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, ‘তেল নিতে গিয়ে কোনো ধরনের হট্টগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সবাইকে নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে তেল সংগ্রহ করতে হবে। এছাড়া তেল নিয়ে বাড়িতে বা অন্য কোথাও অবৈধভাবে মজুত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, বর্তমানে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বোরো ধানসহ ফসলি জমিতে নিয়মিত সেচ দেওয়া অত্যন্ত জরুরি। সঠিক সময়ে সেচ দিতে না পারলে ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে পাম্পে অপেক্ষা করেও তেল না পেয়ে অনেকে খালি হাতে ফিরছিলেন। প্রশাসনের এই নতুন সিদ্ধান্তে প্রত্যায়ন নেওয়ার কিছুটা বাড়তি ঝামেলা থাকলেও এজেন্ট পয়েন্টে তেল পাওয়ার নিশ্চয়তা তৈরি হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্যবস্থার ফলে পাম্পগুলোর ওপর বাড়তি চাপ কমবে এবং প্রকৃত কৃষকরা সহজেই তাদের প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments