Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে হাসনাত আবদুল্লাহর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তামিম ইকবাল একজন জাতীয় পর্যায়ের খেলোয়াড়। তাকেই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমরা কোনো ‘বাপের দোয়া বা মায়ের দোয়া’ কমিটি গঠন করিনি।”

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিগত সরকারের আমলে ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন ক্লাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার তদন্তের মাধ্যমে অনিয়ম পাওয়ায় আগের বোর্ড ভেঙে দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে এই আহ্বায়ক কমিটি গঠন করেছে।

এর আগে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে সমালোচনা করেছিলেন। তাঁর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এই ব্যাখ্যা দেন।

এদিকে, একই দিন জাতীয় সংসদে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এই আইনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল ও সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। এই সংশোধনীর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার আইনি প্রক্রিয়া নিশ্চিত হলো।

তবে বিলটি পাসের সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আপত্তি জানিয়ে বলেন, বিলটির কপি হাতে পেতে দেরি হওয়ায় তাঁরা পর্যালোচনার পর্যাপ্ত সময় পাননি। অত্যন্ত স্পর্শকাতর এই বিলটি নিয়ে আরও আলোচনার দাবি জানান তিনি। কিন্তু স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বিল পাসের এই পর্যায়ে এসে আর আপত্তির সুযোগ নেই।

মানবকণ্ঠ/আরআই