সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত প্রবাসী বাংলাদেশি শাহ আলমের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটযোগে তাঁর কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মরদেহটি গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আমিরাতের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোর ৬টার দিকে ফুজাইরাহ প্রদেশের দিব্বা এলাকায় ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শাহ আলমের ওপর পড়লে তিনি নিহত হন।
মরদেহ গ্রহণকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, "মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধাবস্থা শুরুর পর থেকে এ পর্যন্ত সাতজন প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সরকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
তিনি আরও জানান, নিহত শাহ আলমের বাড়ি কুমিল্লায়। সরকারি ব্যবস্থাপনায় ও সরকারি খরচেই তাঁর মরদেহ বাড়িতে পাঠানো এবং দাফন-কাফনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেকও হস্তান্তর করা হয়েছে। "বিদেশে আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের জানমালের নিরাপত্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে," বলে জানান প্রতিমন্ত্রী।
মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শাহ আলমের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ।
মানবকণ্ঠ/আরআই




Comments