প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বাধীন ১৩ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সাথে তাঁর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই দেশে সংসদীয় গণতন্ত্রের চর্চা, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার এবং শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিত প্রতিনিধিদল বিনিময় এবং সংসদীয় অভিজ্ঞতা ভাগাভাগির বিষয়েও বৈঠকে ঐকমত্য পোষণ করা হয়।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মানবকণ্ঠ/ডিআর




Comments