পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুলিশে মাথায় আঘাত করে পালিয়ে গেছে চোরচক্রের এক সদস্য। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই চোরের নাম রাসেল ইসলাম (৩৩)। তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরিসহ একটি গরু চুরির মামলা আছে।
আহত পুলিশ সদস্যের নাম বনমালী রায়। তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে শরিফ উদ্দিন নামের এক ব্যক্তির ২টি গরু চুরি হয়।
পরে গরুর মালিক রাসেলের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল গরুচোর চক্রের সদস্য রাসেলকে গ্রেপ্তারের জন্য তার বাড়ি ঘেরাও করে। এসময় পুলিশ সদস্য বনমালী তার ঘরের সামনে গেলে রাসেল দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, আসামি রাসেল চিহ্নিত চোরচক্রের সদস্য।
তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরিসহ একটি গরু চুরির মামলা আছে। বৃহস্পতিবার সকালে আসামির নামে আরো একটি গরু চুরির মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য একদল পুলিশ গেলে তিনি এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে জন্য অভিযান চলছে।




Comments