মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দীর্ঘ ৪০ দিন আটকে থাকার পর সৌদি আরবের বন্দর ছাড়লেও নতুন বিপত্তিতে পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। শুক্রবার (১০ এপ্রিল) সকালে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছালে ইরান সরকার জাহাজটিকে পার হওয়ার অনুমতি না দিয়ে পুনরায় ফিরে যাওয়ার নির্দেশ দেয়।
জানা গেছে গত বুধবার সৌদি আরবের একটি বন্দর থেকে যাত্রা শুরু করে ‘বাংলার জয়যাত্রা’। প্রায় ৪০ ঘণ্টা সমুদ্রপথ পাড়ি দিয়ে শুক্রবার হরমুজ প্রণালির প্রবেশমুখে পৌঁছায় জাহাজটি। নিয়ম অনুযায়ী ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হলে তেহরান তা প্রত্যাখ্যান করে এবং জাহাজটিকে নিরাপত্তার স্বার্থে ঘুরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ইরান সরকারের দেওয়া সব নির্দেশনা মেনে পার হওয়ার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তারা তা গ্রহণ করেনি। বর্তমানে কূটনৈতিক চ্যানেলে পুনরায় অনুমতি আদায়ের চেষ্টা চলছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে জাহাজটিকে আপাতত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালির কাছেই অবস্থান করছে। জাহাজে থাকা ৩১ জন নাবিক সুস্থ ও নিরাপদ আছেন। তাদের জন্য পর্যাপ্ত খাদ্য ও নিত্যপণ্যের মজুত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ইরান হরমুজ প্রণালি পারাপারের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিতে টোল আদায় ও বিশেষ ছাড়পত্রের নতুন নিয়ম জারি করেছে। এই জটিলতার কারণেই বাংলাদেশি জাহাজটি বাধার মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে জাহাজটির গতিপথ পরিবর্তন করে শারজাহর দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments