দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে। ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। এদের মধ্যে বরিশালে দুজন এবং ময়মনসিংহ ও সিলেটে একজন করে শিশু মারা গেছে।
বরিশাল: বরিশাল ব্যুরো জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও সমসংখ্যক শিশুর মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ১৪ জনের মৃত্যু হলো। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১১০ জন। চলতি বছর এই বিভাগে ১ হাজার ১৯০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৫৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আবদুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নগরের জামতলা মোড় এলাকার মো. রনি ও আরিফা আক্তারের ছেলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৩৪৪টি শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
সিলেট: সিলেটে একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় দিব্য (৭ মাস) নামে ওই শিশুটি মারা যায়। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে মোট তিন শিশুর মৃত্যু হলো। এর আগে গত বুধবার ৫ মাস বয়সী এবং গত ৬ এপ্রিল ৪ মাস বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত শিশুদের আইসোলেশনে রেখে সুচিকিৎসা নিশ্চিত করা জরুরি। অন্যথায় পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments