Image description

স্বামী ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর গভীর শোক কাটিয়ে অবশেষে কাজে ফিরেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার (১০ এপ্রিল) থেকে পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। কলকাতার বেহালা সংলগ্ন একটি লোকেশনে বর্তমানে এই সিরিজের দৃশ্যধারণ চলছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, 'তারকাটা' সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এই সিরিজে তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে। শুক্রবার প্রিয়াঙ্কার পাশাপাশি দেবেশ রায়চৌধুরী এবং আয়ুশ দাসও শুটিংয়ে অংশ নেন। পরিচালক শমীক রায়চৌধুরী শুটিং শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কাজের ব্যস্ততার কারণে বিস্তারিত কিছু জানাননি। সিরিজটির শুটিং শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে। তবে সামনের দিনগুলোর শিডিউলে প্রিয়াঙ্কা নিয়মিত অংশ নেবেন কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালে আকস্মিকভাবে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। এই মর্মান্তিক ঘটনার পর মৃত্যুর কারণ উদঘাটনে প্রিয়াঙ্কা সরকার কলকাতা ও তালসারি—উভয় জায়গাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রিয়জনকে হারানোর পর গত কয়েকটা দিন নিজেকে সামলে নেওয়ার জন্য লোকচক্ষুর আড়ালে ছিলেন অভিনেত্রী। তবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা শেয়ার করেন তিনি। সেখানে প্রিয়াঙ্কা আহ্বান জানিয়েছেন, রাহুলের এই অকাল প্রয়াণকে যেন কেবলই শোকের স্মৃতি হিসেবে না রেখে, একে বরং বড় কোনো ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হয়।

মানবকণ্ঠ/আরআই