Image description

মাউন্ট এভারেস্টের সুউচ্চ শিখরে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়াতে নেপালে পৌঁছেছেন দেশের অন্যতম নারী পর্বতারোহী নুরুন্নাহার নিমনি। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) নারী সদস্য হিসেবে এভারেস্ট অভিযানের লক্ষ্যে আজ শনিবার (১১ এপ্রিল) তিনি কাঠমুন্ডু পৌঁছান।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিমনির হাতে এই পতাকা তুলে দেন।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট নারী অধিকার কর্মী শিরীন পারভিন হক এবং অভিযানের প্রধান পৃষ্ঠপোষক পূবালী ব্যাংক পিএলসি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।

বিএমটিসি সূত্রে জানা গেছে, এই চূড়ান্ত অভিযানের আগে নিমনি দীর্ঘদিনের কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ভারতের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেইনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং ইতোপূর্বে সফলভাবে হিমালয়ের ৬ হাজার ও ৭ হাজার মিটার উচ্চতার দুটি পর্বত শিখরে আরোহণ করেছেন।

বিএমটিসি-র প্রথম নারী সদস্য হিসেবে এর আগে এভারেস্ট জয় করেছিলেন নিশাত মজুমদার। নিমনির এই ৫০ দিনব্যাপী যাত্রা সফল হলে তা বাংলাদেশের নারী পর্বতারোহণের ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে যুক্ত হবে।

নিজের অনুভূতি ব্যক্ত করে নুরুন্নাহার নিমনি বলেন, "পর্বতারোহণ কেবল একটি রোমাঞ্চ নয়, এটি অদম্য ইচ্ছাশক্তির পরীক্ষা। বিএমটিসি-র সকল সদস্য এবং দেশবাসীর দোয়া ও সমর্থন নিয়ে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। আশা করছি সফলভাবে চূড়ায় পৌঁছে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারব।"

পুরো অভিযানটির পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) এবং এতে পৃষ্ঠপোষকতা করছে পূবালী ব্যাংক পিএলসি। নেপালে পৌঁছানোর পর প্রয়োজনীয় দাপ্তরিক কাজ ও বেস ক্যাম্পে অভিযোজন (Acclimatization) শেষে মে মাসের আবহাওয়া অনুকূলে থাকলে তিনি এভারেস্টের চূড়ান্ত শিখরে আরোহণের চেষ্টা করবেন।

মানবকণ্ঠ/ডিআর