Image description

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গি মোড়ে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিটি শহরের চৌরঙ্গি মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুল কাদিম এবং শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা মুসাসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম। তিনি বলেন, "গণভোট বাস্তবায়নের পক্ষে সাধারণ মানুষ রায় দিয়েছেন। আমরা অবিলম্বে জনগণের সেই রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।"

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং তারা জনগণের এই রায় মানছে না। কর্মসূচি চলাকালে জামায়াত নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে দাবি সংবলিত লিফলেট তুলে দেন এবং তাদের দাবির স্বপক্ষে জনমত তৈরির আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর