Image description

নিজ জেলা লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিশ্রাম নেওয়ার সময় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি হঠাৎ মাথা ঘোরা ও প্রচণ্ড অস্বস্তি অনুভব করেন। তার শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

সিএমএইচ-এর চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত ফ্লাইটে তাকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় সাধারণ বিমানে নেওয়া সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তা নেওয়া হয়।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানিয়েছেন, মন্ত্রীকে ঢাকা ফিরিয়ে নিতে রাজধানী থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেটি বিমানবন্দরে পৌঁছামাত্রই মন্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। বর্তমানে তিনি সিএমএইচ-এর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে মন্ত্রীর হঠাৎ অসুস্থতার খবরে দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর